বাশখালীর কাথারিয়ায় আশ্রয়কেন্দ্রে এক হাজার বন্যাদুর্গত মানুষের মাঝে বিরিয়ানি বিতরণ
মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান রায়হানুল ইসলাম চৌধুরী (বাচ্চুর)
লেখক: আজগর আলী মানিক
বাশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রায় এক হাজার বন্যাদুর্গত মানুষের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগ গ্রহণ করেন গোয়াজ চৌধুরী বাড়ির সন্তান ও সমাজসেবক রায়হানুল ইসলাম চৌধুরী (বাচ্চু)।
দুর্যোগের কারণে বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া নারী, পুরুষ, শিশু ও বয়স্কদের হাতে নিজে উপস্থিত থেকে খাবার তুলে দেন তিনি। খাদ্য বিতরণের সময় স্বেচ্ছাসেবকরাও সহযোগিতা করেন। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষ এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় রায়হানুল ইসলাম চৌধুরী (বাচ্চু) বলেন,
“মানুষ মানুষের জন্য। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমি আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করেছি। সমাজের বিত্তবান, ব্যবসায়ী, প্রবাসী এবং সামর্থ্যবান সকল মানুষের প্রতি আহ্বান জানাই—আপনারাও এগিয়ে আসুন। আজ যারা বিপদে আছেন, তাদের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়।”
তিনি আরও বলেন, “বাশখালীর বিভিন্ন এলাকায় এখনো অনেক পরিবার কষ্টে দিন কাটাচ্ছে। আমি ইনশাআল্লাহ প্রতিটি ওয়ার্ড ও গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেব এবং যাদের প্রয়োজন, তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। শুধু সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে সমাজের সবাইকে একযোগে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।”৷৷ খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাশখালীর সংসদ সদস্য জহিরুল ইসলাম চৌধুরী, কাথারিয়া ইউনিয়ন জামায়াতের আমির নুরুল কবির, গোয়াজ চৌধুরী বাড়ির গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে এমন উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। তারা বলেন, মানবিক সহায়তার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
স্থানীয়রা আরও আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি সমন্বিতভাবে এগিয়ে আসেন, তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
মানবিক সহায়তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অনেকেই বলেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। রায়হানুল ইসলাম চৌধুরী (বাচ্চুর) এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
