দফায় দফায় হামলা ও মারপিটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে আতঙ্ক

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

দফায় দফায় হামলা ও মারপিটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে আতঙ্ক

দফায় দফায় হামলা ও মারপিটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে আতঙ্ক
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: মোঃ মশিউর ইসলাম
একদল দাঙ্গাবাজ ব্যক্তির অব্যাহত হামলা ও মারপিটের কারণে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, গত কয়েক বছর যাবত উপজেলার আরজি দেবীপুর আলিম মাদ্রাসা ও শিয়ালকোট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর দফায় দফায় হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রশাসনের আইনি সহায়তা চেয়েও কোনো প্রতিকার পাননি হামলার শিকার ভুক্তভোগীরা।
প্রশাসনের এমন দায়িত্বহীনতা ও রহস্যজনক নির্লিপ্ততার সুযোগে গত দুই সপ্তাহেও দুই দফায় হামলা হয়েছে প্রতিষ্ঠান দুটির কর্মচারীদের ওপর।
আরজি দেবীপুর আলিম মাদ্রাসার অফিস সহকারী মোজাম্মেল হক ও শিয়ালকোট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী শাহাজাদা মন্ডল মুঠোফোনে অভিযোগ করেন, এলাকার চিহ্নিত একদল দাঙ্গাবাজ লোক বিভিন্ন অজুহাত ও হুজুগ তৈরি করে গত ২৯ আগস্ট তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের লাঠির আঘাতে গুরুতর আহত হন অফিস সহকারী মোজাম্মেল হক।
এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মোজাম্মেল হক বাদী হয়ে অভিযোগ দায়ের করলে ক্ষিপ্ত হয়ে ওঠে হামলাকারী দলটি। তারা অভিযোগ তুলে নিতে মোজাম্মেল হক ও সাক্ষীদের ওপর পুনরায় হামলা করে গত শুক্রবার সকাল সাড়ে ১১টায়।
হামলাকারীরা শিয়ালকোট বাজারে ধাওয়া করে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে মোজাম্মেল হক, সোহেল রানা, শাহাজাদা ও রাশেদুল ইসলামকে গুরুতর আহত করে। আহতরা এখন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ দুপুরে মোজাম্মেল হক মুঠোফোনে জানান, হামলাকারীরা তাকে চিরতরে পঙ্গু করার উদ্দেশ্যে তার বাম হাতের তিনটি আঙুল ভেঙে দেন। এছাড়াও তাদের লাঠির আঘাতে মোজাম্মেলের ডান পা ও কোমরের হাড় ফেটে যায়।
রাশেদুল ইসলামের দুই পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে দেওয়া হয়। হামলাকারীদের লাঠির আঘাতে সোহেল রানার চোয়ালের হাড় ভেঙে যায়।
মোজাম্মেল হক অভিযোগ করেন, গত ২৯ আগস্ট তারিখের হামলার ঘটনায় পুলিশ দ্রুত আইনি ব্যবস্থা নিলে সর্বশেষ হামলায় আমাদের এই নির্মম পরিণতি হতো না। এজন্য পুলিশের দায়িত্বহীনতা ও রহস্যজনক ভূমিকাও দায়ী বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে হাবড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি জানান, মাদ্রাসার দখলে থাকা কিছু জমির মালিকানা ও দখল নিয়ে একাধিকবার দুই পক্ষের মধ্যে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
হামলাকারী প্রতিপক্ষ লোকদের মতামত নিতে যোগাযোগ করা হলেও তাদের ভাষ্য নেওয়া সম্ভব হয়নি।
পার্বতীপুর থানাধীন ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাক বিল্লাহ জানান, ২৯ আগস্টের মারামারির একটি অভিযোগ হয়েছিল, কিন্তু সাধারণ মারামারির ঘটনা হওয়ায় মামলা হিসেবে না নিয়ে জিডিভুক্ত করে রাখা হয়। প্রসিকিউশন রিপোর্ট দেওয়ার জন্য কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না জানতে চাওয়া হলে তিনি জানান, এ বিষয়ে থানার ওসি সাহেব বলতে পারবেন।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, অভিযোগটি সাধারণ মারামারির ঘটনা হলেও বাদীর লিখিত বর্ণনায় লেখা হয়েছিল চাঁদাবাজির ঘটনা। এ কারণে তাকে সংশোধন করে নতুন অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি অদ্যাবধি অভিযোগটি সংশোধন করে জমা দেননি।
পুনরায় সংঘর্ষের ঘটনার ব্যাপারে তিনি জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা সুস্থ হয়ে আসলে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশকঃ দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার সারা বাংলাদেশ মোঃ মশিউর ইসলাম
তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬