চেয়ারম্যান পদপ্রার্থী: ১৯৯০ সাল থেকে রাজনীতিতে, বহু মামলা-হামলা ও কারাবরণের কথা জানালেন নাছির উদ্দিন

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

চেয়ারম্যান পদপ্রার্থী: ১৯৯০ সাল থেকে রাজনীতিতে, বহু মামলা-হামলা ও কারাবরণের কথা জানালেন নাছির উদ্দিন
প্রতিবেদক: ওমর ফারুক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৩ নম্বর স্বনির্ভর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন ১৯৯০ সাল থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানিয়েছেন। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় নাছির উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। দীর্ঘদিন ধরে তিনি দলের সঙ্গে থেকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন।
নাছির উদ্দিন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলের সাংগঠনিক কার্যক্রম ও সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকতে গিয়ে তিনি বিভিন্ন মামলা ও হামলার শিকার হয়েছেন। তাঁর দাবি, ওই সময়ে তাঁর বিরুদ্ধে দুই ডজনেরও বেশি মামলা হয় এবং তিনি ছয়বার কারাবরণ করেছেন।
তিনি আরও বলেন, চট্টগ্রামের রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকেও তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া ঢাকার রাজপথে আন্দোলন-সংগ্রামের সময় ২৮ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বক্তব্য অনুযায়ী, তৎকালীন ডিবির দায়িত্বে থাকা মোহাম্মদ হারুনের নেতৃত্বে সাদা পোশাকধারী ব্যক্তিরা তাঁকে নিয়ে যান।
নাছির উদ্দিনের দাবি, গ্রেপ্তারের পর তাঁকে প্রায় এক সপ্তাহ গোপন স্থানে আটক রাখা হয়। পরে তাঁকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এবং পরবর্তী সময়ে কাশিমপুর কারাগারে নেওয়া হয়। ধাপে ধাপে সব মিলিয়ে প্রায় তিন বছর কারাভোগের পর তিনি মুক্তি পান বলে জানান।
মুক্তির পরও তিনি সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন বলে উল্লেখ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ-তিতিক্ষার পর দলের পক্ষ থেকে যথাযথ মূল্যায়নের প্রত্যাশা ব্যক্ত করে নাছির উদ্দিন বলেন, তাঁর মতো দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করলে তা দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ মেনে নেবে না।
তিনি বিএনপির হাইকমান্ডের কাছে প্রশ্ন রেখে বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে চেয়ারম্যান প্রার্থী করা হবে—এ বিষয়টি দলের নীতিনির্ধারকদের বিবেচনা করা উচিত।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা জানিয়ে নাছির উদ্দিন বলেন, দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততাকে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত।
তিনি বিএনপির হাইকমান্ডের প্রতি তৃণমূলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার আহ্বান জানান।