সামাজিকভাবে সচেতন হলেই প্রতিরোধ হবে মাদকসহ সন্ত্রাসী কার্যকলাপ: এএসপি বেলায়েত হোসেন
ওমর ফারুক | রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন।
সোমবার (১৬ নভেম্বর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূমিরখীল এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এএসপি বেলায়েত হোসেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকটি ইউনিয়ন ও এলাকার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে মাদক ও সন্ত্রাস নির্মূলে বড় ধরনের সফলতা অর্জন সম্ভব। কেবল পুলিশের একার পক্ষে সমাজ থেকে এই ব্যাধি পুরোপুরি দূর করা সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।
বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ নুরুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ আলমগীর চৌধুরী, মোহাম্মদ আব্দুল করিম চৌধুরী, মো. সেলিম উল্লাহ চৌধুরী, প্রফেসর মুহাম্মদ আব্দুল আজিজ, মো. এম রফিকুল ইসলাম ও খালেদ চৌধুরী রাসেল।
এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ড ভূমিরখীল মাদক নির্মূল কমিটির সদস্য হাজী শফিকুল ইসলাম, মাহবুবুর রহমান মেম্বার, নুরুল আজিম মেম্বার, নুরুল কবির, শাহেদুর রহমান শাহেদ, ক্বারী সাইফুল্লাহ, খালেদ মুশারফ, ইমরান হোসেন মান্না ও মোহাম্মদ ফরহাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা রাঙ্গুনিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
প্রকাশনায়: জাতীয় দৈনিক আই বার্তা রাঙ্গুনিয়া
