চট্টগ্রামে একাধিক হত্যা মামলার আসামি ‘ইয়াবা আবছার’ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

লেখক:
প্রকাশ: ৫ মাস আগে

চট্টগ্রামে একাধিক হত্যা মামলার আসামি ‘ইয়াবা আবছার’ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ
প্রতিবেদন
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের পতেঙ্গা এলাকার আলোচিত ব্যক্তি মোহাম্মদ নুরুল আফসার ওরফে ‘ইয়াবা আবছার’-কে ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানা ও চট্টগ্রামের চান্দগাঁও, কোতোয়ালি এবং বায়েজিদ বোস্তামী থানায় একাধিক হত্যা মামলা দায়ের থাকার অভিযোগ থাকলেও এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযোগ রয়েছে, পতেঙ্গা থানার কোনাবাড়ি এলাকার বাসিন্দা বদিউল আলমের পুত্র মোহাম্মদ নুরুল আফসার এক সময় নৌকার মাঝি হিসেবে কাজ করলেও পরবর্তীতে ইয়াবা কারবারে জড়িয়ে পড়েন এবং বর্তমানে চট্টগ্রামের শীর্ষ ইয়াবা ব্যবসায়ীদের একজন হিসেবে পরিচিতি পান। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদক মামলায় পূর্বে ১০ বছরের সাজাও হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে তার ছেলে রাফি পুরো নেটওয়ার্ক পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করছে এবং বাবার প্রভাব ও স্বার্থ রক্ষায় মাদক ব্যবসার ‘ম্যানেজার’ হিসেবে কাজ করছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, ছাত্র হত্যাসহ গুরুতর অপরাধের মামলার আসামি হয়েও নুরুল আফসার প্রকাশ আবছার প্রকাশ্যে চলাফেরা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে এখনো গ্রেপ্তার করেনি, যা এলাকায় ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা তদন্ত চলমান রয়েছে বলে জানান। তবে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও মানবাধিকারকর্মীরা।