মানুষকে চেনা বড় কঠিন। আর বিপদের সময়ই বোঝা যায়, কে সত্যিকারের আপন।
আজ আমি এমন একজন মানুষকে নিয়ে কিছু কথা বলতে চাই, যাকে আমি প্রায় ২০ বছর ধরে চিনি। তিনি বেলাল উদ্দীন মুন্না, চট্টগ্রাম জেলার বায়েজিদ থানার এলাকার একজন পরিচিত মুখ। আমার দীর্ঘদিনের পরিচয়ে আমি তাকে একজন শান্ত, ভদ্র, বিনয়ী ও মানবিক মানুষ হিসেবেই দেখেছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, তিনি এমন একজন মানুষ, যিনি কোনো প্রাণীকেও কষ্ট দিতে চান না।
প্রায় সাত মাস আগে যেদিন তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়, সেদিন আমরা চারজন একসঙ্গে আদালতে উপস্থিত ছিলাম। আমাদের সঙ্গে ছিলেন বিএনপির সাবেক চট্টগ্রাম মহানগর দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, নেতা নাজিমুদ্দিন হিরু, নেতা সোহেল ভাই, এবং আমি। আমরা আদালতে বসে শুধু একটি কথাই বলছিলাম—”এই বেলাল উদ্দীন মুন্না? যার বিরুদ্ধে হত্যা মামলা?” আমাদের কাছে বিষয়টি এতটাই অবিশ্বাস্য মনে হয়েছিল যে, আমরা বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকিয়ে ছিলাম। কিছুক্ষণ পর জানতে পারলাম, তাকে হত্যা মামলায় কারাগারে পাঠানো হচ্ছে। রাত তখন প্রায় ১১টা। কারাগারে যাওয়ার আগে মুন্না আমাদের দিকে তাকিয়ে হাসিমুখে বিদায় জানাল। সেই দৃশ্য আজও চোখের সামনে ভাসে।
কারাগারে থাকাকালীন আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করতে পারিনি। তবে নিয়মিত তার পরিবারের খোঁজখবর নিয়েছি এবং বিএনপির নেতাদের মাধ্যমে তার অবস্থার খবর জেনেছি। সবাই বলতেন, এ বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন তার সহধর্মিণী। পরে আমি অ্যাডভোকেট রুপকের সঙ্গেও যোগাযোগ করি। তিনি জানান, মামলাটি হাইকোর্টে বিচারাধীন।
মুন্নার সহধর্মিণী একজন অত্যন্ত ধর্মপরায়ণ, ধৈর্যশীল ও সম্মানিত নারী। আল্লাহ তাআলা কঠিন সময়েও তার সম্মান অক্ষুণ্ণ রেখেছেন—আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছি। মহান আল্লাহ যা সহজ করেছেন, সেটুকুই করতে পেরেছি।
অবশেষে আল্লাহর অশেষ রহমতে বেলাল উদ্দীন মুন্না জামিনে মুক্তি পান। মুক্তির আগেই তিনি আমার সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন।
এরপর হঠাৎ আমি নিজেই একটি গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হই। সেই কঠিন সময়ে যাদের পাশে পেয়েছি, তাদের মধ্যে মুন্না ও তার সহধর্মিণী অন্যতম। তারা প্রতিনিয়ত আমার খোঁজ নিয়েছেন, সাহস দিয়েছেন এবং সুস্থতার জন্য দোয়া করেছেন। শুধু তাই নয়, আমি ফল খাওয়ার জন্য বিকাশ নম্বর দিইনি, তবুও তারা নম্বর সংগ্রহ করে আমাকে আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন। এই ভালোবাসা, এই আন্তরিকতা কখনো অর্থ দিয়ে মাপা যায় না।
আসলে পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু সবাই মানুষ হয়ে উঠতে পারে না। কিছু মানুষ আছেন, যাদের হৃদয় ভালোবাসায় ভরা। বেলাল উদ্দীন মুন্না ও তার পরিবার আমার কাছে ঠিক তেমনই একটি পরিবার।
তাদের সম্পর্কে লিখতে বসলে হয়তো দশ দিনেও লেখা শেষ হবে না। আল্লাহ তাআলার কাছে আমার আন্তরিক দোয়া—তিনি যেন বেলাল উদ্দীন মুন্না ও তার সহধর্মিণীকে সুস্থ, নিরাপদ ও সম্মানিত রাখেন। তাদের পরিবারে শান্তি, বরকত ও কল্যাণ দান করুন। মানুষের উপকার করার আরও বেশি তাওফিক দান করুন।
আমিন, ইয়া রব্বুল আলামিন।
