দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার | দৈনিক আইবার্তা নিউজ
“জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৯ জুন ২০২৬) দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচি শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “ব্যক্তিগত সচেতনতা নয়, বরং কঠোর সরকারি আইন ও প্রযুক্তির ব্যবস্থাপনাই পারে জলবায়ু বিপর্যয় ঠেকাতে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার প্রতিযোগিতা উপভোগ করেন এবং সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তাশক্তি, পরিবেশ বিষয়ে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সচেতন, দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক নাগরিক সমাজ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক: দৈনিক আইবার্তা নিউজ
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার (সারা বাংলাদেশ) মো. মশিউর ইসলাম
তারিখ: ৩০ জুন ২০২৬
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০
