নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক
মো গোলাম কিবরিয়া : নড়াইল
যুবলীগের মশাল মিছিলের পর পুলিশের অভিযান,
নড়াইলের লোহাগড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। উপজেলার অজ্ঞাত একটি স্থানে আওয়ামী যুবলীগের মশাল মিছিলের খবর ছড়িয়ে পড়ার পর ২৪ ঘণ্টায় নয়জনকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে লোহাগড়া উপজেলার কোনো একটি স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেন। তবে মিছিলটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে মশাল মিছিলের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর লোহাগড়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. শরিফুল ইসলাম যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— ফরিদ শেখ (চর মল্লিকপুর), কামরুজ্জামান কচি (কাশিপুর), বাদশা মোল্লা (নলদি), আল আমিন গাইন (কাশিপুর), মোজাম কমিশনার (গোপীনাথপুর), বিপুল (লক্ষ্মীপাশা), অপি (কাশিপুর), মহাসিন মোল্লা (পোদ্দারপাড়া) ও আনিস কমিশনার (কলেজপাড়া)।
পুলিশ সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, মিছিলসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টতার ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়া থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল, সমাবেশ বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
নতুন ওসি যোগদানের পরপরই ২৪ ঘণ্টার মধ্যে নয়জনকে আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
