খানখানাবাদ বেড়িবাঁধ ভাঙনের শঙ্কা: “৬ নম্বর কাথারিয়া ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত”
উপকূলে বাড়ছে দুর্ভোগ, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি
নিজস্ব প্রতিবেদক
লেখক: আজগর আলি মানিক
চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ উপকূলীয় বেড়িবাঁধ বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ারের প্রভাবে বেড়িবাঁধের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে। এতে ভাঙনের আশঙ্কায় উপকূলের হাজারো মানুষ চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।৷ উপকূলবাসীর দাবি, বারবার অস্থায়ী সংস্কারের পরিবর্তে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং মানুষকে নিরাপদ রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন বলে জানা গেছে।
কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন চৌধুরী বলেন, “আমাদের ৬ নম্বর কাথারিয়া ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের মাটির ঘরবাড়ি ধসে পড়েছে। যারা ত্রাণ ও সহায়তা দিতে চান, তারা যেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেন।”
কাথারিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাস্টার নুরুল কবির বলেন, “আমাদের এলাকায় ক্ষতির পরিমাণ অনেক বেশি। বহু পরিবার এখনো মানবেতর জীবনযাপন করছে, অনেকের ঘরে খাবারও নেই। দেশের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানাচ্ছি—মানবিক দায়িত্ব থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান।” বিশিষ্ট শিল্পপতি ও কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রায়হানুল ইসলাম চৌধুরী বলেন, “আমি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখছি এবং মানুষের খোঁজখবর নিচ্ছি। কাথারিয়া ইউনিয়নের যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মাননীয় সংসদ সদস্যকে নিয়ে পরিদর্শন করার উদ্যোগ নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে, ইনশাআল্লাহ।”
বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেল চৌধুরী বলেন, “বিএনপির পক্ষ থেকে আমরা শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি। দলের নেতাকর্মীদের নিয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ওসমান গনি বলেন, “আমি বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখেছি। অসংখ্য ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও প্রবাসীদের প্রতি অনুরোধ—এই অসহায় মানুষের পাশে দাঁড়ান।”
উপকূলবাসীর ভাষ্য, প্রাকৃতিক দুর্যোগ এলেই খানখানাবাদ ও আশপাশের উপকূলীয় এলাকা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে। তাই তারা দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
