টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলার ঘটনায় তাঁতীদল নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | লেখক: আজগর আলি মানিক
গাজীপুরের টঙ্গীর দাঁড়াইল এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে টঙ্গীর দাঁড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনোয়ার হোসেন খোকন টঙ্গী পশ্চিম থানার দাঁড়াইল এলাকার মৃত কুদরত আলীর ছেলে।
ভুক্তভোগী নির্মোহন মণ্ডল জানান, তাদের পরিবার দীর্ঘদিন ধরে প্রায় ৪০ শতাংশ জমি ভোগদখল করে আসছে। ওই জমির ১৬ শতাংশ জাল দলিলের মাধ্যমে বিক্রির অভিযোগ তুলে তারা আদালতে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
তার অভিযোগ, মামলার পর থেকেই জমি ছেড়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ও চাপ দেওয়া হচ্ছিল। সোমবার রাত প্রায় ৮টার দিকে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গ্রাইন্ডিং ও ড্রিল মেশিন ব্যবহার করে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে।
এ ঘটনায় নির্মোহন মণ্ডল (৪৬), তার স্ত্রী বৃষ্টি মণ্ডল (৪০), ছেলে বিজয় মণ্ডল (১৪), ভাতিজি চায়না (২২)সহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে মনোয়ার হোসেন খোকনকে গ্রেফতার করে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এলাকাবাসীর দাবি, হামলার ঘটনায় জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। তারা দ্রুত ও কার্যকর আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
