তথ্যের সত্যতা যাচাইয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ: শিক্ষিকা সুলতানা রাজিয়ার মোবাইল বন্ধ, অনুসন্ধান অব্যাহত

লেখক:
প্রকাশ: ৫ মাস আগে

তথ্যের সত্যতা যাচাইয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ: শিক্ষিকা সুলতানা রাজিয়ার মোবাইল বন্ধ, অনুসন্ধান অব্যাহ
স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যের সত্যতা যাচাই করতে গিয়ে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুলের দিবা শাখার শিক্ষিকা সুলতানা রাজিয়া এবং তার স্বামী, ব্রাহ্মণবাড়িয়া জেলা ভূমি অফিসের সাবেক কানুনগো মিজানুর রহমানের বিরুদ্ধে সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিবেদক একাধিকবার ফোনকলের মাধ্যমে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তারা প্রথমে কোনো সাড়া দেননি। পরে বাওয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে সুলতানা রাজিয়া প্রতিবেদকের সঙ্গে কথা বলেন এবং সরাসরি সাক্ষাতের আশ্বাস দিলেও কয়েক দফা সময় পরিবর্তন করেন।
পরবর্তীতে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ কলে প্রতিবেদককে যুক্ত করা হয়। অভিযোগ রয়েছে, সেখানে নিজেদের সাংবাদিক, পুলিশ ও আইনজীবী পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা তথ্যসূত্র প্রকাশ, অনুসন্ধানী প্রতিবেদনের নথিপত্র দেখানো এবং তথ্যদাতাদের পরিচয় প্রকাশের জন্য চাপ সৃষ্টি করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকিমূলক বক্তব্য দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। প্রতিবেদকের দাবি, তার করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কোনো সুস্পষ্ট উত্তর না দিয়ে মূল বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় সুলতানা রাজিয়ার ভাই পরিচয় দেওয়া এক ব্যক্তি ভবিষ্যতে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।
এর আগে “যেভাবে কোটি কোটি টাকার সম্পদের মালিক হলেন এই স্কুল শিক্ষিকা” শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সুলতানা রাজিয়া টেলিফোনে বলেন, “এইসব ভূঁইফোড় পত্রিকায় কী লিখল, না লিখল তাতে কিছু আসে যায় না। দুদক তদন্তে এলে যা বলার তাদেরই বলব। আমাদেরও সাংবাদিক, পুলিশ ও আইনজীবী আছে।”—এমন দাবি করেছেন প্রতিবেদক।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল ও ঢাকাসহ বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুলতানা রাজিয়া ও তার স্বামীর সম্পদের বিষয়ে অনুসন্ধান চলছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের ফলাফল এখনো প্রকাশিত হয়নি। সর্বশেষ যোগাযোগের জন্য প্রতিবেদক একাধিকবার সুলতানা রাজিয়ার মোবাইল নম্বরে ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার সর্বশেষ বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রতিবেদনের স্বার্থে তথ্য-উপাত্ত সংগ্রহ ও অনুসন্ধান অব্যাহত থাকবে। নতুন তথ্য-প্রমাণ পাওয়া গেলে ধারাবাহিকভাবে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে। প্রয়োজনে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো হবে।
অভিযোগের বিষয়ে সুলতানা রাজিয়া বা মিজানুর রহমান পরবর্তীতে কোনো বক্তব্য দিতে চাইলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।