উপকূলীয় বেড়িবাঁধ প্রকল্পে ভয়াবহ দুর্নীতির অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খ. ম. জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাৎ ও

লেখক:
প্রকাশ: ৫ মাস আগে

উপকূলীয় বেড়িবাঁধ প্রকল্পে ভয়াবহ দুর্নীতির অভিযোগ
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খ. ম. জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে তোলপাড়
চট্টগ্রাম প্রতিনিধি:
দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ, নদী ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ ও পানি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে। কিন্তু জনস্বার্থের এসব গুরুত্বপূর্ণ প্রকল্পকে কেন্দ্র করে ভয়াবহ দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ উঠেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খ. ম. জুলফিকার তারেকের বিরুদ্ধে। স্থানীয় সূত্র, ভুক্তভোগী, ঠিকাদারি সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও সচেতন মহলের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী, পতেঙ্গাসহ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলের বিভিন্ন পানি উন্নয়ন ও বেড়িবাঁধ প্রকল্পে তিনি একক আধিপত্য বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে অভিযোগ, প্রকল্পের কাজ বাস্তবে সম্পন্ন না করেই কাগজে-কলমে শতভাগ কাজ দেখিয়ে কোটি কোটি টাকার বিল উত্তোলন করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন ঠিকাদারের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, প্রকল্প ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং একই কাজ একাধিকবার দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, কিছু এলাকায় বেড়িবাঁধ নির্মাণের কয়েক মাসের মধ্যেই ফাটল ও ধস দেখা দিলেও দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্টদের দাবি, শুধু দৃশ্যমান প্রকল্পগুলোতেই নয়, অদৃশ্য কাগুজে কাজ দেখিয়েও বিপুল পরিমাণ অর্থ লোপাট করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব অনিয়ম ও দুর্নীতির পরিমাণ প্রায় ৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, খ. ম. জুলফিকার তারেকের প্রভাব এতটাই শক্তিশালী যে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তিনি দীর্ঘদিন ধরে বেপরোয়া দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। অনেক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তার অনুমোদন ছাড়া কোনো প্রকল্পের বিল ছাড় হয় না এবং কমিশন ছাড়া কাজ পাওয়া প্রায় অসম্ভব।
এদিকে আরও গুরুতর অভিযোগ উঠেছে বিদেশে অর্থ পাচার নিয়ে। স্থানীয় সূত্র জানায়, সরকারি চাকরিতে থাকা অবস্থায় তিনি নিয়মিত অস্ট্রেলিয়া ও কানাডায় যাতায়াত করেন। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। অভিযোগ রয়েছে, অবৈধভাবে অর্জিত বিপুল অর্থ বিদেশে পাচার করে সেখানে বাড়ি, জমি ও বিলাসবহুল সম্পদ গড়ে তোলা হয়েছে। অনুসন্ধান সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, তার পাসপোর্টের ভ্রমণ তথ্য, ব্যাংক হিসাব, আয়কর নথি, বিদেশি সম্পদের তথ্য এবং প্রকল্পভিত্তিক আর্থিক লেনদেন তদন্ত করলেই ভয়াবহ অনিয়মের চিত্র বেরিয়ে আসতে পারে। এছাড়া বিভিন্ন প্রকল্পের মাঠপর্যায়ের বাস্তবতা যাচাই করলে সরকারি অর্থ লুটপাটের প্রকৃত অবস্থা স্পষ্ট হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় ইতোমধ্যে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উপকূলীয় মানুষের জীবন ও সম্পদ রক্ষার জন্য যেসব প্রকল্প নেওয়া হয়েছিল, সেগুলো দুর্নীতির কারণে ঝুঁকির মুখে পড়েছে। প্রতিবছর জলোচ্ছ্বাস ও বন্যার সময় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়লেও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে।
দেশের একজন সচেতন নাগরিক ও সিটিজি নিউজের সম্পাদক আজগর আলী মানিক এ বিষয়ে মাননীয় উপদেষ্টা, পানি সম্পদ মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগপত্রে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, দেশের উন্নয়ন প্রকল্পে এ ধরনের দুর্নীতি শুধু রাষ্ট্রীয় অর্থের অপচয় নয়, এটি জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থের জন্যও বড় হুমকি। তারা অবিলম্বে দুর্নীতি দমন কমিশন, আর্থিক গোয়েন্দা ইউনিট ও সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলোর মাধ্যমে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে খ. ম. জুলফিকার তারেকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিস্তারিত ৫ পূর্ব পর্যন্ত আসবে।