আইএসপি খাতে হামলা-চাঁদাবাজি বৃদ্ধি: নিরাপত্তা নিশ্চিতে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি
চট্টগ্রাম | সমিরন পাল
দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), চট্টগ্রাম বিভাগ। সংগঠনটি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইএসপি খাতের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইএসপিএবি, চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেল লিখিত বক্তব্যে বলেন, সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামের ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে চাঁদার দাবিকে কেন্দ্র করে সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আইএসপি মালিক ও উদ্যোক্তাদের কাছে চাঁদা দাবি, টেলিফোনে হুমকি, চাপ প্রয়োগ এবং দাবি না মানলে হামলা বা হয়রানির মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ফলে পুরো আইএসপি খাতের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। রাজিব শাহরিয়ার রুবেল আরও বলেন, ইন্টারনেট বর্তমানে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্প-কারখানা, ব্যাংকিং, ই-কমার্স, সরকারি-বেসরকারি প্রশাসনিক কার্যক্রম এবং নাগরিক সেবার অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। তাই আইএসপি প্রতিষ্ঠানগুলো নিরাপদ পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে না পারলে এর নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক ডিজিটাল অবকাঠামো ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও পড়বে।
আইএসপিএবির চার দফা দাবি
ডিডিএন কার্যালয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
দেশের সব আইএসপি প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ।
আইএসপি খাতে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভাঙচুর ও হয়রানির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে আইএসপিএবি আশা প্রকাশ করে, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। সংগঠনটির৷৷ মতে, নিরাপত্তাহীনতা অব্যাহত থাকলে দেশের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রা ও স্মার্ট অবকাঠামো নির্মাণের স্বার্থে আইএসপি খাতের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।
